বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। এর আগে নরসিংদীর চার আসনে বিএনপি’র সংসদ সদস্য নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী), নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিনকে নিয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপি’র অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে, আমি একটু আগেই বলেছি, ১৯৭১-এর সেই কালোরাতে- যেদিন পাকহানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবো। তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল। সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিএনপি’র এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, আমরা ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ।
বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান
স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
