চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার মধ্যে নগরের বন্দর থানার দুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. মনজুর (৩২)। আসাদুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মনজুর ছিলেন তার পেছনের আরোহী। পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুজনই ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বন্দর থানার এসআই হারুন উর জামান জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা গেলেও কোন গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি বলেন, আসাদুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অবসরে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শনিবার তিনি পতেঙ্গা থেকে মনজুরকে যাত্রী হিসেবে নিয়ে অলঙ্কারের দিকে যাচ্ছিলেন। পথে দুমপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এসআই হারুন আরও বলেন, আউটার রিং রোডে নিয়মিত দ্রুতগতির ট্রাক, কাভার্ডভ্যানসহ ভারী যানবাহন চলাচল করে।

দুর্ঘটনার সময় আশপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, দুর্ঘটনার সময় দুজন একই মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন