বিদ্যালয়ে মদ্যপান, প্রধান শিক্ষক সাময়িকভাবে বহিষ্কার

বিদ্যালয়ে মদ্যপান, প্রধান শিক্ষক সাময়িকভাবে বহিষ্কার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদ্যপান করে মাতলামি করা সেই প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার এমপিও স্থগিত করা হয়েছে। গত শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

চিঠিতে বলা হয়েছে যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত, এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে সেই প্রধান শিক্ষক রুহুল আমিনের মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ্যপান অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে আপত্তিকর ভাষায় কথা বলেন। এবং বারবার মাটিতে পড়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। এদিকে এ বিষয়ে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন এবং বিভাগীয় পর্যায় থেকে তার বিরুদ্ধে এমপিও স্থগিতের নির্দেশনা এসেছে। তিনি আরও জানান, ইতিমধ্যে দু’টি পদক্ষেপ গ্রহণ করায় তিন কর্মদিবসের মধ্যে তাকে শোকজ লেটারের আর কোনো জবাব দেয়ার সুযোগ থাকলো না।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এদিকে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন