চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সংযোগস্থল শঙ্খ নদীর উপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল আদায়ের নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল এবং সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে ‘বাঁশখালী সচেতন নাগরিক সমাজ’। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মারুফুল হক চৌধুরী (মারুফ) স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, সেতুটি নির্মাণের পর দীর্ঘদিন ধরে টোল আদায়ের মাধ্যমে নির্মাণ ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে। এরপরও নতুন করে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বানের উদ্যোগ জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়াসহ বিস্তীর্ণ এলাকার লাখো মানুষ প্রতিদিন এ সেতু ব্যবহার করেন। টোল আদায়ের কারণে সাধারণ যাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত আর্থিক চাপের মুখে রয়েছেন।
মারুফুল হক চৌধুরী বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে টোল আদায় মানুষের যাতায়াত ব্যয় ও পণ্য পরিবহন খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে এলেও সড়ক ও জনপথ বিভাগ আবারো টোল আদায়ের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে, যা জনস্বার্থবিরোধী। তাই অবিলম্বে এই টেন্ডার বাতিল করে সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তিনি। স্মারকলিপিতে নতুন টেন্ডার বাতিল, সেতুকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা এবং টোল প্লাজায় দীর্ঘ যানজট ও জনভোগান্তি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। এ সময় বাঁশখালী সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দের মধ্যে এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট সরোয়ার কামাল, এডভোকেট হিরো আলম, আবু বকর সিকদার, হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল ও আব্দুল ওয়াহেদ সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
