মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিন মুন্সীর ছেলে সাজিদ মুন্সী (১৯) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। একপর্যায়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ওই এলাকার মৃত সোনা মিয়ার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে সাজিদ। ?সম্প্রতি ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত সাজিদ মুন্সী বাড়ি থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। ?এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
