কর্ণফুলীতে ফিশিং ভেসেলে আগুনে দগ্ধ প্রকৌশলীর মৃত্যু

কর্ণফুলীতে ফিশিং ভেসেলে আগুনে দগ্ধ প্রকৌশলীর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) অগ্নিকাণ্ডে দগ্ধ ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। শনিবার দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহত আশিকুজ্জামান তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

এর আগে গত ৩০শে জুন বেলা পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি মাছ ধরার নৌযানে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে নৌযানটির ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক মো. রুবেল ও শাহ আলম এবং পাশে নোঙর করা ‘এফভি ডিজনি’ নৌযানের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন। নৌযানটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো নৌযানে ছড়িয়ে পড়ে। আহত ছয়জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে গুরুতর দগ্ধ হওয়ায় আশিকুজ্জামান তামিম, মো. রুবেল ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

গত মঙ্গলবার রাতেই ঢাকায় নেয়ার পথে গুরুতর দগ্ধ নাবিক মো. রুবেল (৩৩) ও শাহ আলম (৩৮) মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস. খালেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিন নাবিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন