নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। জানা যায়, সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে কাজ শুরু করেন।
একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
