বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্রবাহিনীর গোলাগুলি, সন্ত্রাসী নিহত

ফন্ট সাইজ:

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। সোমবার বিকালের দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়, চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের ১ সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থল সহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারণে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।