ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্যে মাছের মৃত্যু, সমাধানের দাবিতে মানববন্ধন

ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্যে মাছের মৃত্যু, সমাধানের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্য পানি নিক্ষেপ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানগড়া সেন্টার পয়েন্ট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্প কারখানা থেকে কেমিক্যালযুক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। নদীর পানি ব্যবহারকারী স্থানীয় মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলেও তারা দাবি করেন। দ্রুত দূষণের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল। বক্তব্য দেন- শহীদ এম মুনছুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কেএইচ মুরাদ, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, ভূমিহীন সমিতির নেতা আবু হাসেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা দিপক কুমার কর, মৎস্যচাষী আতাউর রহমান খান, নাগরিক সমাজের ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ও শামীম খন্দকার প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়া হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, মানববন্ধনের বিষয়ে অবগত আছি এবং একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন