পেকুয়ায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, বাইরে স্ত্রী ও সন্তান

পেকুয়ায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, বাইরে স্ত্রী ও সন্তান

ফন্ট সাইজ:

কক্সবাজারের পেকুয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রবাসীর বাড়ি দখল করার অভিযোগ উঠেছে। উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকায় প্রবাসী আব্দুল্লাহ আল নোমানের নবনির্মিত বাড়ি দখল ও তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। পথে ঘুরছেন তার স্ত্রী ও সন্তানরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা নাজেম উদ্দিনের পুত্র আব্দুল্লাহ আল নোমান দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। প্রবাস জীবনের কষ্টার্জিত আয় থেকে তিনি প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি পাকা বিল্ডিং ঘর নির্মাণ করেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আব্দুল্লাহ আল নোমান বিদেশ থেকে ধাপে ধাপে টাকা পাঠিয়ে আত্মীয়স্বজনের মাধ্যমে বাড়ির নির্মাণকাজ সম্পন্ন করেন। প্রবাসী আব্দুল্লাহ আল নোমানের দাবি, শুরুতে তিনি অন্যত্র জমি কিনে ঘর নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে তার মা খালেদা বেগম ও বাবা নেজাম উদ্দিনসহ পরিবারের সদস্যরা অনুরোধ করেন বাবার বাড়ির পাশেই যেন তিনি বাড়ি নির্মাণ করেন। পরিবারের অনুরোধ ও পারিবারিক বন্ধনের কথা বিবেচনা করে তিনি সেখানে বাড়ি নির্মাণে সম্মত হন। তিনি আরও জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাড়িটি সম্পন্ন হওয়ার পর হঠাৎ করেই তার মা-বাবা বাড়িতে তালা ঝুলিয়ে দেন এবং তার স্ত্রী-সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তার স্ত্রী ও সন্তান মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি অভিযোগ করেন। প্রবাস থেকে তিনি বলেন, “আমি কষ্ট করে উপার্জিত টাকা পাঠিয়ে ঘর নির্মাণ করেছি। এখন আমার ঘরে তালা দিয়ে স্ত্রী-সন্তানকে বের করে দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। আমার ঘর আমি ফেরত চাই।” এদিকে অভিযুক্ত মা খালেদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল্লাহ আল নোমান পুরো অর্থ ব্যয় করেননি। তার দাবি, সে ১০ থেকে ১২ লাখ টাকা দিয়েছে। বাকি টাকা আমার স্বামী দিয়েছেন। সে যে ৪০ লাখ টাকা খরচ করেছে-এটা সঠিক নয়। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, বাড়ির মালিকানা ও অর্থায়ন নিয়ে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন