প্রতি মালবাহী গাড়ি থেকে ৫০ টাকা আদায়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কুতুপালং বাজারে স্লিপে চাঁদাবাজির অভিযোগ

প্রতি মালবাহী গাড়ি থেকে ৫০ টাকা আদায়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ফন্ট সাইজ:

উখিয়ার কুতুপালং বাজারে মালবাহী গাড়ি থেকে স্লিপ দিয়ে প্রকাশ্যে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বাজারে প্রবেশের সময় প্রতিটি মালবাহী গাড়ি থেকে ৫০ টাকা করে নেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কোনো সরকারি নির্দেশনা বা বৈধ অনুমোদনের কাগজপত্র ছাড়াই এভাবে টাকা আদায় করা হচ্ছে, যা মূলত চাঁদাবাজির শামিল। অভিযোগ রয়েছে, একটি শ্রমিক সংগঠনের নামে ছাপানো স্লিপ ব্যবহার করে এই টাকা নেয়া হচ্ছে। স্লিপে ‘শ্রমিক কল্যাণ তহবিল’ উল্লেখ থাকলেও এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন গাড়িচালক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, টাকা না দিলে গাড়ি বাজারে ঢুকতে বাধা দেয়া হয় বা পণ্য খালাসে বিলম্ব করা হয়। কয়েকজন মালবাহী গাড়িচালক জানান, প্রতিদিন অসংখ্য গাড়ি কুতুপালং বাজারে পণ্য নিয়ে প্রবেশ করে। প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা করে আদায় করা হলে দৈনিক বড় অঙ্কের অর্থ সংগ্রহ হচ্ছে। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ব্যয় পণ্যের দামের সঙ্গে যোগ হয়ে ভোক্তাদের ওপরই চাপছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর, তখন এ ধরনের অবৈধ টাকা আদায় বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। এর মধ্যে পরিবহন পর্যায়ে অতিরিক্ত টাকা আদায় হলে বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। সচেতন মহল বলছে, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অবৈধ স্লিপ বাণিজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শ্রমিক কল্যাণের নামে যদি কোনো তহবিল থাকে, তবে তা অবশ্যই প্রশাসনের অনুমোদন ও স্বচ্ছ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। তবে বাজারসংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন