এবারের বিশ্বকাপে জার্মানির লজ্জাজনক বিদায়ের পর পদত্যাগ করলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান। ফিফা র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ নিচের দল প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হেরে শেষ ৩২ থেকে বিদায়ের জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) সঙ্গে ৩৮ বছর বয়সী এই কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডিএফবি কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে বসেন নাগেলসমান। সেই বৈঠকেই ডিএফবি নেতৃত্ব তাকে পদত্যাগের পরামর্শ দেয়। সেই পরামর্শ মেনে নিয়ে পদ ছাড়েন নাগেলসমান। শোনা যাচ্ছে, নতুন কোচের দৌড়ে এগিয়ে আছেন ইয়ুর্গেন ক্লপ।
এবারের বিশ্বকাপে জার্মানির শুরুটা ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে নতুন দল কুরাসাওকে ৭-১ গোলে গুঁড়িয়ে দেয় চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর আইভরি কোস্টকে ২-১ গোলে হারায়। তবে শেষ গ্রুপ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে যায় জার্মানি। গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ ওঠে তারা। প্যারাগুয়ের বিপক্ষেও চলে ছন্দপতনের ধারা। অতিরিক্ত সময় পেরিয়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ালে ৩-৪ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।
ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানি ১০ নম্বরে, আর প্যারাগুয়ে ৪১ নম্বরে। ব্যবধান ৩১ ধাপের। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এত বড় র্যাঙ্কিং ব্যবধানে হারার ঘটনা মাত্র তিনটি। ২০১৮ সালে স্পেনের রাশিয়ার কাছে হার (৬০ ধাপ), ২০০২ সালে ইতালির দক্ষিণ কোরিয়ার কাছে হার (৩৪ ধাপ), এবং ২০০২ সালে স্পেনের দক্ষিণ কোরিয়ার কাছে হার (৩২ ধাপ)।
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমান বলেছিলেন, ‘আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। ডিএফবি যদি চায়, আমি ইউরো ২০২৮ পর্যন্ত থাকবো। আর যদি না চায়, তাহলে তাদের আমাকে বলতে হবে।’ ডিএফবি শেষ পর্যন্ত সেই সুযোগ দেয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির কোচ হন নাগেলসমান। ইউরো ২০২৪-এ দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন। সেই মঞ্চে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। ২০২৮ পর্যন্ত চুক্তি থাকলেও সেই চুক্তির মেয়াদ পূর্ণ করা হলো না।
নাগেলসমানের বিদায়ের পরপরই জার্মানির নতুন কোচ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর সবার আলোচনায় ইয়ুর্গেন ক্লপ। যিনি ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর থেকে কোনো কোচিং দায়িত্বে নেই। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে কাজ করছেন। এই বিশ্বকাপে পন্ডিত হিসেবেও দেখা গেছে তাকে। নস্কাই জার্মানি জানিয়েছে, ডিএফবি যোগাযোগ করলে ক্লপ জার্মানির কোচের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। এ নিয়ে ক্লপ বলেন, ‘এই বিষয়ে (জার্মানির কোচের ভূমিকা নিয়ে) আমি এখনো ভাবিনি। তবে আমি বুঝতে পারি যে জাতীয় কোচের পদ নিয়ে আলোচনা হলে আমার নাম কোনো না কোনোভাবে আসবেই।’ ক্লপ যদি দায়িত্ব নেন, তাহলে তার সামনে থাকবে ২০৩০ বিশ্বকাপের জন্য জার্মানি দলকে নতুনভাবে গড়ে তোলার চ্যালেঞ্জ।
