ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে টরন্টোতে নেমে আসে এক চমক। ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো দাবি করেন, পর্তুগাল জাতীয় দলের জার্সিতে এটাই হতে যাচ্ছে সিআর৭-এর ‘শেষ নাচ’। ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ রাউন্ড অব ৩২ ম্যাচ শুরুর মাত্র কয়েক মিনিট আগে তিনি এই মন্তব্য করেন।
তবে সেই মন্তব্যের জবাব দিতে খুব একটা দেরি করেননি রোনালদো। তার নেতৃত্বে পর্তুগাল যখন রোমাঞ্চকর দ্বিতীয়ার্ধে মদ্রিচের ক্রোয়েশিয়াকে নাটকীয়ভাবে হারায়, ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি দ্রুতই এমন জল্পনা-কল্পনা উড়িয়ে দেন।
রোনালদো বলেন, “এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ বিষয় নয়। এ নিয়ে কথা বলার জন্য আমার হাতে যথেষ্ট সময় আছে। আমরা জিতি বা হারি, এরপর আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করব। তারপর সেরা সিদ্ধান্তটি নেব। এখন আমি আর আবেগের বশে বা কোনো উত্তেজনায় সিদ্ধান্ত নিই না। সবকিছুই এখন শান্তভাবে এবং ভেবেচিন্তেই করি। আপাতত আমি শুধু বর্তমানটাকে উপভোগ করতে চাই।”
সিআর৭ ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। তবে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরিবর্তে তিনি কেবল টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারকারী গণমাধ্যমগুলোকেই সাক্ষাৎকার দেন।
নাটকীয় এই জয়ের পর ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, আজ আমাদের কষ্ট সহ্য করতে জানতে হয়েছে। এমন বড় একটি প্রতিযোগিতা জিততে হলে কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হয়। আজকের ম্যাচটি দর্শকদের জন্য দারুণ উপভোগ্য ছিল। প্রথমার্ধে আমরা খেলা বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচটা অনেক বেশি অগোছালো ও রোমাঞ্চকর হয়ে ওঠে। তারা গোল করার পর আমরা কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। তবে ম্যাচের আবেগঘন মোড় ঘুরে যায় যখন আমরা পেনাল্টি থেকে গোল করি। সেই মুহূর্ত থেকেই ম্যাচটা আমাদের জন্য কিছুটা সহজ হয়ে যায়। এরপরও কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এই প্রতিযোগিতার সৌন্দর্যই হলো- এমন চ্যালেঞ্জ। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”
সূত্র- মার্কা
ভবিষ্যৎ নিয়ে রোনালদো
‘এখন আর হুটহাট সিদ্ধান্ত নিই না’
মানবজমিন ডিজিটাল
বিশ্বকাপ ২০২৬
১ ঘন্টা আগে
৩ জুলাই (শুক্রবার), ২০২৬, ১০ঃ৫৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
