মদরিচদের বিদায় করে শেষ ষোলোয় রোনালদোরা!

শেষ মুহূর্তের অফসাইড নাটক

মদরিচদের বিদায় করে শেষ ষোলোয় রোনালদোরা!

ফন্ট সাইজ:

ফুলটাইম: পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া

ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত টরন্টোর বিএমও ফিল্ডে যা হলো, তাকে অনায়াসেই 'বিশুদ্ধ নাটক' বলা চলে। গনচালো রামোসের ইনজুরি টাইমের (৯০+৪ মিনিট) গোলে পর্তুগাল যখন ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই ম্যাচের ভাগ্য আরও একবার পেন্ডুলামের মতো দুলতে শুরু করে।

১১৩ মিনিটে (৯০+১৩) ক্রোয়াটদের একটি আক্রমণ থেকে বল গোলমুখে জটলার সৃষ্টি করে। শেষ পর্যন্ত ইয়োস্কো ভার্দিওল বল জালে জড়িয়ে দেন। ক্রোয়েশিয়া উল্লাসে মাতলেও মাঠের উত্তেজনা নাটকীয় রূপ নেয় ভিএআর চেকে। রিপ্লেতে দেখা যায়, বল ক্রস করার সময় পাসালিচ অফসাইডে না থাকলেও, বলটি ইগর মাতানোভিচের চুলে সামান্য স্পর্শ করে পাসালিচের কাছে যায়। 'সাউন্ডস্ক্যান' প্রযুক্তির সাহায্যে মাতানোভিচের সেই ছোঁয়া নিশ্চিত হতেই রেফারি অফসাইডের বাঁশি বাজান এবং ক্রোয়েশিয়ার সমতাসূচক গোলটি বাতিল হয়ে যায়।

গোল বাতিলের পর ম্যাচ আরও ১০ মিনিটের বেশি গড়ায়। শেষদিকে ৪১ বছর বয়সী লুকা মদরিচ ক্লান্তি উপেক্ষা করে সর্বোচ্চ চেষ্টা করলেও ক্রোয়াটরা আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই জুলাই। 






৯০+৪ মিনিট: পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া

ম্যাচের একদম শেষ মুহূর্তে গনচালো রামোসের জাদুকরী হেডে লিড নিলো পর্তুগাল! বাঁ দিক থেকে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান রাফায়েল লিয়াও। বক্সে একদম সঠিক জায়গায় পজিশন নিয়ে ওত পেতে ছিলেন বদলি হিসেবে নামা রামোস। ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়লেও তার ডাইভকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।


৬৭ মিনিট: পর্তুগাল ১-১ ক্রোয়েশিয়া

গোল! পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যাচে ফিরলো পর্তুগাল! ক্রোয়াট কিপার লিভাকোভিচ লাইনে একদম সোজা হয়ে দাঁড়িয়ে ছিলেন। রেফারি বাঁশি বাজানোর পর রোনালদো এক পা এগিয়ে হঠাৎ একটু থমকে দাঁড়ালেন।  লিভাকোভিচ ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও রোনালদো নিখুঁত শটে বল পাঠিয়ে দিলেন সোজাসুজি। ১-১ সমতায় জমে উঠলো ম্যাচ!

বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন রোনালদো। ৪১ বছর ১৪৭ দিনে গোল করলেন সিআরসেভেন। ৩৯ বছর ২৮৬ দিন বয়সে গোল করে রেকর্ডটা এতদিন রোনালদোরই সাবেক সতীর্থ পেপের কাছে ছিল। বিশ্বকাপ নকআউটে এটিই প্রথম গোল পর্তুগিজ অধিনায়কের। 


৫৩ মিনিট: পর্তুগাল ০-১ ক্রোয়েশিয়া

গোল! ক্রোয়াটদের চমক! দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগালকে স্তব্ধ করে লিড নিল ক্রোয়েশিয়া। ডান দিক থেকে নিকোলা ভ্লাসিচ আক্রমণ গড়ে বল বাড়িয়ে দেন ওভারল্যাপ করে ওঠা ইয়োসিপ স্তানিসিচের দিকে। বক্সে রুবেন দিয়াসের সঙ্গে ইগর মাতানোভিচের আকাশ লড়াইয়ে বলটি দুজনের মাথার ওপর দিয়ে চলে যায়। পেছনে থাকা স্তানিসিচ বলটি নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে পর্তুগালের জালে জড়ান। 


হাফ-টাইম: পর্তুগাল ০-০ ক্রোয়েশিয়া

পর্তুগালের আধিপত্য সত্ত্বেও ডেডলক অক্ষুণ্ণ। টরন্টোর বিএমও ফিল্ডে প্রথমার্ধে মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি পর্তুগালের হাতে থাকলেও গোলের দেখা পায়নি রোনালদোরা। প্রথমার্ধের সিংহভাগ সময় বল দখলে রেখে ক্রোয়েশিয়াকে চাপে রাখে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। অন্যদিকে, প্রথমার্ধে পর্তুগিজ ডিফেন্স লাইনে তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি ক্রোয়াটরা।

তবে পর্তুগালের একের পর এক আক্রমণ সামলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করতে পারায় নিশ্চিতভাবেই স্বস্তিতে থাকবে মদরিচরা। বিরতিতে দুই দলের কোচই কৌশল বদলে নতুন নির্দেশনা দেবেন। তাই দ্বিতীয়ার্ধে মাঠের লড়াই কেমন মোড় নেয়, তা দেখতেই এখন সবার চোখ।

(হাইড্রেশন ব্রেক) ২৪ মিনিট: পর্তুগাল ০-০ ক্রোয়েশিয়া 

বাঁ দিক থেকে নুনো মেন্দেসের নেয়া কর্নার কিকটি বক্সে থাকা পর্তুগিজ ফরোয়ার্ডদের কাউকেই খুঁজে পায়নি। বল সরাসরি সীমানার বাইরে চলে গেলে গোল কিক পায় ক্রোয়েশিয়া। খেলার ২৪ মিনিট পেরিয়ে গেলেও এখনো কোনো দলই ডেডলক ভাঙতে পারেনি। হাইড্রেশন ব্রেক চলছে। স্ট্র্যাটেজি ঝালিয়ে নিতে দুই দলের ফুটবলাররাই এখন ডাগআউটে কোচের পরামর্শ নিচ্ছেন।


বিশ্বমঞ্চে প্রথম ও সম্ভব্য শেষ বার মুখোমুখি রোনালদো-মদরিচ

রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। টরন্টোর বিএমও ফিল্ডে হতে যাওয়া এই নকআউট ম্যাচটি রূপ নিয়েছে দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচের লড়াইয়ে। মহাদেশীয় আসরে এর আগে দেখা হলেও, বিশ্বকাপ মঞ্চে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।

উভয় দলই আক্রমণাত্মক ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামছে। পর্তুগালের হয়ে আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে লেফট উইংয়ে সঙ্গ দেবেন রাফায়েল লিয়াও। মাঝমাঠ নিয়ন্ত্রণে ভিতিনহা ও জোয়াও নেভেসের ওপর ভরসা রাখছেন রবার্তো মার্টিনেজ।

অন্যদিকে জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়াও অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে। মাঝমাঠের মূল চালিকাশক্তি হিসেবে বরাবরের মতোই থাকছেন অধিনায়ক লুকা মদরিচ। তাকে সঙ্গ দেবেন মাতেও কোভাচিচ। আক্রমণভাগে একা স্ট্রাইকার হিসেবে খেলবেন আন্তে বুদিমির। আজ যে দলই হারবে, তাদের বিশ্বকাপ যাত্রা এখানেই থমকে যাবে।

পর্তুগাল একাদশ: দিয়োগো কস্তা (গোলকিপার), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রোয়েশিয়া একাদশ: দমিনিক লিভাকোভিচ (গোলকিপার), ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ; মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন