আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্লে-অফ পর্বের ফিরতি লেগে বেনফিকাকে আতিথেয়তা জানাবে রিয়াল মাদ্রিদ। বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হবে রাত ২টায়। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে পাচ্ছে না পর্তুগিজ ক্লাবটি। প্রথম লেগে ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে উয়েফা।
প্রথম লেগে ১-০ গোলের জয়ে এগিয়ে থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে নামছে অল হোয়াইটরা। গত সপ্তাহের ম্যাচটিতে একমাত্র গোলটি করেন ভিনিই। এরপর অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় খেলা বন্ধ থাকে প্রায় মিনিট দশেক। ম্যাচ-পরবর্তী নাটকীয় পরিস্থিতি এখনো চলমান, যা আজকের দ্বিতীয় লেগের আগে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গোলের কিছুক্ষণ পর ভিনি অভিযোগ করেন যে, প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন। এ নিয়ে এখনো উয়েফার তদন্ত চলমান। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তাই আজ বার্নাব্যুতে বেনফিকাকে কেমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, তা সময়ই বলে দেবে। এ ঘটনার প্রেক্ষিতে তদন্তের জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ উয়েফা। সংস্থাটি জানিয়েছে, তদন্ত শেষ হলে প্রেস্তিয়ান্নির জন্য আরও বড় শাস্তি আসতে পারে। উয়েফার আইন অনুযায়ী, বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তবে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থেকেই আজকের ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে ওসাসুনার মাঠে ২-১ গোলের হারে শীর্ষস্থান খুইয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এদিকে, একটি পরিসংখ্যান লস ব্লাঙ্কোসদের পক্ষেই রয়েছে। পর্তুগিজ প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি। শেষ ১৬ নিশ্চিত করতে পারলে তাদের সামনে অপেক্ষা করবে আরেক পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি অথবা ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগের কঠিন লড়াই।
অন্যদিকে, পর্তুগালের শীর্ষ লীগে শনিবার বেনফিকা এভিএস-কে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে। তবে আজ ডাগআউটে দলের প্রধান কোচ জোসে মরিনহোকে পাচ্ছে না ক্লাবটি। প্রথম লেগে লাল কার্ড দেখায় আজ সাবেক ক্লাবের টাচ্লাইনে দেখা যাবে না এ পর্তুগিজ কোচকে। তবে দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বেনফিকা। তিনবার জয়ের বিপরীতে তাদের হার দু’বার। এর মধ্যে ১৯৬২ ইউরোপিয়ান কাপ ফাইনালে ৫-৩ গোলের ঐতিহাসিক জয় বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে সমীকরণ খুব একটা ভালো নয় তাদের। শেষ আট ম্যাচের মধ্যে বেনফিকা হেরেছে ছয়টিতেই, যার মধ্যে গত মৌসুমের শেষ ষোলোয় বার্সেলোনার কাছে হোম ও অ্যাওয়ে দু’টি লেগের পরাজয় অন্তর্ভুক্ত। যদিও শেষ ১১টি ইউরোপিয়ান দুই লেগের লড়াইয়ের মধ্যে আটটিতেই জয়ের মালা পরেছে বেনফিকা। দারুণ একটি সমীকরণ সঙ্গী হচ্ছে রিয়ালেরও। প্রথম লেগে জয়ের পর শেষ ২৩টি ইউরোপীয় টাইয়ের মধ্যে ২২টিতেই শেষ পর্যন্ত সফল হয়েছে স্প্যানিশ জায়ান্টরা, যা স্বাগতিকদের আত্মবিশ্বাস নিঃসন্দেহেই বাড়িয়ে দেবে। একই সময়ে জুভেন্টাসের আতিথেয়তা জানাবে গ্যালাতাসারেইকে। প্রথম লেগে চমক উপহার দিয়ে ইতালিয়ান জায়ান্টদের ৫-২ গোলে হারিয়ে দেয় তুরস্কের ক্লাবটি। ৩-২ গোলে এগিয়ে থেকে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে খেলবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রাতের প্রথম ম্যাচে পৌনে ১২টায় ২-০ গোলে এগিয়ে থেকে আটলান্টার মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড।
আলোচনার তুঙ্গে রিয়াল-বেনফিকা ম্যাচ
পুলক বিশ্বাস
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
