পূর্বধলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ টাকাসহ ক্ষতি ১০ লাখ

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. লিটন আকন্দ (৪৫) মৃত সুরুজ আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় লিটনের বাড়িতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। চোখের পলকে একটি চারচালা টিনের বসতঘর এবং একটি দোচালা টিনের রান্নাঘর আগুনে গ্রাস করে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, পরিধেয় কাপড়চোপড় এবং সংসারের সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পূর্বধলা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন