জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, রাজনীতি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা হতে হবে সুস্থ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা লক্ষ্যচ্যুত কর্মকাণ্ডকে প্রশাসন কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্যাম্পাসে দলীয় রাজনীতি ও শিক্ষার পরিবেশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এখানে দলীয় রাজনীতি আমাদের নিয়ন্ত্রণের বিষয় নয়। আমরা মূলত একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। রাজনীতিও একটি শিক্ষার অংশ। তারা যদি রাজনীতি না করে, তাহলে রাজনীতিবিদ কোথা থেকে তৈরি হবে? তাই শিক্ষার্থীরা যদি সুস্থ ও সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করে, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।
তিনি আরও বলেন, যদি কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা লক্ষ্যচ্যুত রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, তাহলে তা কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য বলেন, আমরা চাই, সব ধর্ম ও মতের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা একটি পারিবারিক বন্ধনের মতো পরিবেশে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করুক। হীন উদ্দেশ্য বা বিভাজনমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই। তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশের ক্ষেত্র হিসেবে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।
