নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, মাদক, জুয়া এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস করবো না। বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলা কৃষি অফিস আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চলতি বোরো মৌসুমে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাহিদার তুলনায় বরাদ্দ কম আসায় এবং তড়িঘড়ি করে তালিকা প্রণয়ন করায় কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। তবে এই প্রণোদনা বিতরণে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। ড. হিলালী বলেন, যে পরিবারে একজন সন্তান মাদকাসক্ত, সেই পরিবারই এর যন্ত্রণা সবচেয়ে বেশি উপলব্ধি করে। মাদক ও জুয়ার আসর যেখানেই বসুক, প্রশাসনকে জানাবেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। দলীয় নেতাকর্মীর পরিচয় ব্যবহার করে কেউ এসব অপকর্মে জড়িত থাকলে আমাকে জানাবেন। তাদের আইনি ব্যবস্থার পাশাপাশি দলীয়ভাবেও শাস্তির মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেনÑ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
