’৭১-এর মতো জুলাই চেতনাকে নষ্ট হতে দেবো না’

’৭১-এর মতো জুলাই চেতনাকে নষ্ট হতে দেবো না’

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ’৭১-এর চেতনাকে বিক্রি করে একটি দল বহুদিন খেয়ে গেছে। আমরা কিন্তু ওই দলের মতো জুলাই চেতনাকে নষ্ট হতে দেবো না। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন আবার অনেকে পঙ্গু হয়েও এ দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন; এ রাষ্ট্র জুলাইযোদ্ধাদের কাছে ঋণী। বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় জুলাইযোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা সরকারের মতো স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটা জুলাইযোদ্ধারা শিখেয়েছেন। আমরা চাই, আগামীর বাংলাদেশ হবে জুলাইযোদ্ধাদের বাংলাদেশ, সকলে মিলে একসঙ্গে থাকার বাংলাদেশ। নিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম, দুর্নীতি, লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এ লুটপাট দুর্নীতি বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। এর জন্য তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের লোকজন আরেকটু এগিয়ে আসলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরও বলেন, জুলাইযোদ্ধাদের সঠিক তালিকা হয়েছে। আগামী দিনে জুলাইযোদ্ধাদের পরিবার রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ-জামানের সভাপতিত্বে ওই সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাইযোদ্ধা জুনাইদ হোসেন ও মাওলানা আব্বাস হোসেন।
এর আগে সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলনে কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন