ভবনের ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলীতে মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তিশা ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিশা কাচিঝুলী মসজিদ রোডের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি মেসে থেকে লেখাপড়া করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। এর প্রায় চার ঘণ্টা আগে তিশা ভবনটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ বা অন্য কোনো কারণ এ ঘটনার সঙ্গে জড়িত কি নাÑ তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন