জিতবে আর্জেন্টিনা আধুনিক ফুটবলে ‘তন্ত্রমন্ত্র’ চলে না

জিতবে আর্জেন্টিনা আধুনিক ফুটবলে ‘তন্ত্রমন্ত্র’ চলে না

ফন্ট সাইজ:

নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। একই দিনে রোমাঞ্চকর দ্বৈরথে পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গতিশীল মিশর এবং ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া। মাঠের এই জমজমাট দ্বৈরথ নিয়ে বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার ওয়ালী ফয়সাল নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন দৈনিক মানবজমিনের সঙ্গে। সাবেক এই জাতীয় ডিফেন্ডারের মতে, এই দুটি ম্যাচই হতে যাচ্ছে বিশ্বফুটবলের শ্বাসরুদ্ধকর এক লড়াই। ম্যাচ নিয়ে ফয়সাল বলেন, ‘দেখুন, নকআউট পর্বের ম্যাচ মানেই অন্যরকম চাপ।

কাগজ-কলমে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তারা গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো দলকে রুখে দিয়ে অপরাজিত থেকে শেষ ৩২-এ এসেছে। একজন ফুটবলার হিসেবে আমি জানি, যখন কোনো আন্ডারডগ দল ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে ওঠে, তখন তাদের হারানোর কিছু থাকে না। তারা তাদের জীবনের সেরা ফুটবলটা খেলার চেষ্টা করবে। তাই আর্জেন্টিনার জন্য ম্যাচটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, বিশেষ করে কেপ ভার্দের শারীরিক ও রক্ষণাত্মক ফুটবলের মুখোমুখি হওয়াটা সহজ হবে না।’ কেপ ভার্দের শক্তির বিশ্লেষণ করতে গিয়ে ফয়সাল তাদের জমাট রক্ষণ ও নিটোল দলীয় শৃঙ্খলার প্রশংসা করেন। বিশেষ করে গ্রুপ পর্বে তারা মাত্র ২টি গোল হজম করেছে যা কোনো দল হিসেবে অত্যন্ত প্রশংসনীয়। ফয়সাল বলেন, ‘কেপ ভার্দের ডিফেন্স লাইন গভীর এবং তারা ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনার মাধ্যমে পুরো মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়। গোলপোস্টের নিচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া আর্জেন্টিনার জন্য বড় প্রাচীর হয়ে দাঁড়াতে পারেন কারণ স্পেনের বিপক্ষে তিনি একাই ৭টি সেভ করেছেন।’ এছাড়া কাউন্টার অ্যাটাক ঠেকানো নিয়ে ফয়সাল বলেন, ‘হেলিও ভ্যারেলা ও রায়ান মেন্দেস অত্যন্ত গতিশীল উইঙ্গার, যারা প্রতিপক্ষের ডিফেন্স লাইন ওপরে উঠলেই ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাক করে যেকোনো বড় বিপর্যয় ঘটিয়ে দিতে পারে।’ আর্জেন্টিনার আক্রমণভাগের চূড়ান্ত রণকৌশল নিয়ে ফয়সাল বলেন, ‘আর্জেন্টিনাকে তাদের চিরাচরিত ধীরগতির বিল্ড-আপ বর্জন করে গতিশীল ফুটবল খেলতে হবে। কেপ ভার্দের রক্ষণ ভাঙতে হলে উইং ধরে আক্রমণের গতি বাড়াতে হবে এবং দ্রুত ওয়ান টাচ পাসের মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করতে হবে। লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ যেকোনো হাফ চ্যান্স থেকেই গোল বের করতে পারেন। এছাড়া মাঝমাঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের নিখুঁত থ্রু পাস এবং বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোরালো শট যেকোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে চুরমার করে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।’ ম্যাচে লিওনেল মেসির প্রভাব নিয়ে ফয়সাল বলেন, ‘মেসি শুধু একজন সাধারণ খেলোয়াড় নন, তিনি প্রতিপক্ষের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক আতঙ্ক। তিনি না থাকলে রক্ষণ ভাঙা কঠিন হবে, তবে ইনজুরির মতো বাস্তবতায় তাকে দলের বাইরে থাকতে হলেও তাকে ছাড়াও এই দলের জয়ের সামর্থ্য রয়েছে।’ বিশ্বচ্যাম্পিয়নদের বড় ম্যাচ খেলার দুর্দান্ত অভিজ্ঞতা ও দলের গভীরতাই এখানে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে প্রধান পার্থক্য গড়ে দেবে বলে তিনি দৃঢ় বিশ্বাস করেন।

ঘানার এক তান্ত্রিকের করা হাস্যকর ভবিষ্যদ্বাণী উড়িয়ে দিয়ে ফয়সাল বলেন, ‘আধুনিক পেশাদার ফুটবলে এ ধরনের জাদুটোনার কোনো বৈজ্ঞানিক বা বাস্তব ভিত্তি নেই। এটি সম্পূর্ণ অবাস্তব এবং মূল্যহীন কথা। ম্যাচ জেতার জন্য কেবল খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, নিপুণ রণকৌশল ও মাঠের দুর্দান্ত পারফরম্যান্সই আসল সত্য যা চ্যাম্পিয়নরা প্রমাণ করে। যারা পরিশ্রম করবে আর ধৈর্য রাখবে শেষ পর্যন্ত তারাই জিতবে।’ অস্ট্রেলিয়ার-মিশর ফয়সাল বলেন, ‘মিশর গ্রুপ লীগের শেষ ম্যাচে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী এবং তাদের প্রধান শক্তি সালাহ একক নৈপুণ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন। অস্ট্রেলিয়া শারীরিক ফুটবল ও সেট পিসে শক্তিশালী হলেও তাদের আক্রমণভাগের ধীরগতি মিশরের সুসংগঠিত ডিফেন্সের সামনে তাদের কঠিন পরীক্ষা নেবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন