আফ্রিকার পরাশক্তি আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছে নরওয়ে। এ মঞ্চে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হলুদ শিবিরের বিপক্ষে কখনো হারেনি ভাইকিংসরা। সেই রেকর্ড অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ নরওয়ের। ব্রাজিলকে হুঁশিয়ারি দিলেন নরওয়ের হেড কোচ স্টেল সলবাকেন। এক্স এ ‘প্ল্যানেটা দো ফুটবল’-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সলবাকেন প্রথমে ড্রেসিংরুমে তার খেলোয়াড়দের উদ্দেশ্যে নরওয়েজিয়ান ভাষায় এক আবেগঘন বক্তব্য দেন। এরপরই ইংরেজিতে সুইচ করে ব্রাজিলের কিংবদন্তি ম্যানেজার কার্লো আনচেলোত্তিকে উদ্দেশ্য করে সরাসরি এক বার্তা ছুড়ে দেন তিনি।
সলবাকেন বলেন, ‘কার্লো আনচেলোত্তি, আমরা কিন্তু আপনার জন্যই আসছি!’ কোচের এমন রসিকতাপূর্ণ অথচ সাহসী ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে পুরো ড্রেসিংরুম উল্লাস, হাততালি আর হাসিতে ফেটে পড়ে। দলের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে নরওয়ের পোস্টার বয় ও তারকা স্ট্রাইকার আর্লিং হালান্দও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন। ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এমন একটা দিন, যা আমরা কোনোদিন ভুলবো না।’ ফুটবল ইতিহাসে নরওয়ে একমাত্র দেশ, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায়নি। এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়ে প্রতিবার অপরাজিত থেকেই মাঠ ছেড়েছে নরওয়ে। এর মধ্যে তারা জিতেছে দুইটি আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। ১৯৮৮ প্রথমবার ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। সেবার ১-১ গোলে ড্র হয় তাদের লড়াই। পরে ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়ে ৪-২ গোলের অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। দুটি প্রীতি ম্যাচের পর ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক লড়াইয়ে দেখা যায় ব্রাজিল-নরওয়ে ম্যাচ। যেখানে বেবেতোর গোলে ব্রাজিল লিড নিলেও তরে আন্দ্রে ফ্লো ও জেতিল রেকডালের গোলে ম্যাচ জিতে নেয় নরওয়ে। চলতি বিশ্বকাপের আগে সেবারই সবশেষ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল নরওয়ে। প্রায় ২৮ বছর পর আবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। আর এবার নকআউটের লড়াইয়ে খেলবে তারা। ১৯৯৮ বিশ্বকাপের পর আবার ২০০৬ সালে প্রীতি ম্যাচে মাঠে ব্রাজিল ও নরওয়ে। দানিয়েল কারভালহো ও মর্তেন পেডারসেন একটি করে গোল করলে ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচ। প্রায় ২০ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় দুই দল।
