জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার পর টাইগার বোলাররাও ম্যাচের লাগাম ধরতে পারেননি। এই টেস্টে একাধিক নিয়মিত তারকাকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দিয়েছিল বাংলাদেশ। অভিষেক হয় তাওহীদ হৃদয় ও অমিত হাসানের। তবে সেই পরীক্ষা-নিরীক্ষায় পাস মার্ক উঠাতে পারেনি বিসিবি। যদিও দলে নতুনদের সুযোগ দেয়াকে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখতে নারাজ প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বিভিন্ন ফরম্যাটের দলের পরিবর্তন ও পরীক্ষা-নিরীক্ষার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা কোনো পরিবর্তন করিনি। টেস্টেও তো খুব বেশি পরিবর্তন করিনি। ব্যাটিং আগের মতোই আছে। নিয়মিত ব্যাটারদের মধ্যে শুধু লিটন ইঞ্জুরির কারণে খেলতে পারেনি।’ এদিকে হারারে টেস্টে চাইলেও তাসকিন ও রানার ব্যাপারে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ফলো করছে বিসিবি। সেটি মনে করিয়ে দেন প্রধান নির্বাচক। এ নিয়ে বাশার বলেন, ‘বোলিংয়ে একটা ব্যাপার ছিল, তাসকিন-রানাকে সব টেস্ট খেলাতে পারব না। যে বোলাররা খেলেছে তারা স্কোয়াডেরই অংশ। এবাদত, নাঈম, খালেদ ওরা টেস্ট স্কোয়াডেরই অংশ, সবসময় টেস্ট খেলে। খুব বেশি নতুন খেলোয়াড় টেস্টেও ট্রাই করা হয়নি।’
