নড়াইলে প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

নড়াইল সদর উপজেলার গোবরায় মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন (৩২) নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুনের শিকার আনোয়ার মানসিক প্রতিবন্ধী।

গত ২৪শে জুন সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দেখতে পান। অসুস্থতার কারণ হিসেবে জানতে পারেন নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাস ও জইগগে বিশ্বাসসহ কয়েকজন আনোয়ারকে চোর সন্দেহে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মৃত্যু নিশ্চিত ভেবে অপরাধীরা তাকে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রধান অভিযুক্ত হিসেবে নাম থাকা প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের লোকজন জানান, চোর ভেবে প্রসেনজিৎ চিৎকার দিলে লোকজন এসে আনোয়ারকে মারধর করে। অনেক লোক মারধর করায় সে জ্ঞান হারায়। এ সময় তারা আনোয়ার মারা গেছে ভেবে পালিয়ে যায়। আনোয়ারের পরিবারের দাবি খুনিরা সন্ত্রাসী, তারা আনোয়ারের কাছে থাকা টাকা হাতিয়ে নেয়ার পর খুন করার উদ্দেশ্যে মারধর করে। তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত আসামি দিয়ে আগেই মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিরা হলেন, গোবরা মালোপাড়ার নিভাষ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, পলান বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস, অনাদি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস, প্রভাস বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও পরাণ বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন