সিলেটের জকিগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামে একজন খুন হয়েছেন। এদিকে এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে খুনি চাচাতো ভাই পারভেজ আহমদকে আটক ও হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রিকশাচালক আলম আহমদের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোস্তাকিম আলীর ছেলে পারভেজ আহমদের বিশ্বকাপ খেলা নিয়ে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে পারভেজ উত্তেজিত হয়ে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে আলমকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
