আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব-শত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই আগৈলঝাড়া থানা পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। এর আগে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বাসাইল গ্রামের জহিরুলের সঙ্গে একই গ্রামের সিন্টু শিকদার ও শান্ত শিকদার, জুয়েল শিকদার এবং জাহাঙ্গীর শিকদারসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকাল প্রায় ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরেই বুধবার গভীর রাতে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির পাশের সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে সিন্টুকে এক নম্বর আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে তার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মামলায় এজাহারভুক্ত আসামি সান্ত ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন