ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পিতা-পুত্র নিহত

ফন্ট সাইজ:

গঙ্গাচড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন। আহত হয়েছে ৭ বছরের শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া হতে বড়াইবাড়ির পাকা রাস্তায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গাচড়া বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে শিশুসহ ২ জন বড়াইবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক বড়াইবাড়ির দিক থেকে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিলো। মমো জুট মিলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত আরোহী শিশু সন্তান ও বৃদ্ধকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে বৃদ্ধ মারা যান এবং শিশুটি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের নাম প্রশান্ত চন্দ্র সরকার (৩৫) ও তার পিতা নির্মল চন্দ্র সরকার (৭০) এবং আহত শিশু প্রশান্তের সন্তান বন্ধন (৭)। তাদের বাড়ি গঙ্গাচড়া ইউনিয়নের চেংমারী কুড়িয়ার মোড় এলাকায়। এদিকে ঘটনার পরেই চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক এবং প্রশান্তের লাশ ও তার পিতা নির্মলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত প্রশান্তের ভায়রা পুঞ্জ জানান, প্রশান্ত তার পিতা ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে আলমবিদিতর ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে গেল। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে।
আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন