সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট আসবেন পরিদর্শন করে তারা সার্ভে করবেন। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে। সিলেট জেলা প্রেস ক্লাবের ফল উৎসবের অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা-নেয়া করা যাবে।
এ ছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন। তিনি বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধায় ইতিমধ্যেই বিমানবন্দর এলাকায় চিকিৎসাসেবা চালু করেছি। ভিভিআইপি সেকশনের পাশে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে ইমার্জেন্সি কেউ অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যসেবা নিতে পারেন। এ ছাড়া প্রবাস থেকে কোনো মরদেহ আসলে তা পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। আগামী সপ্তাহে একটি এম্বুলেন্সের অর্ডার দেয়া হয়েছে, যাতে কেউ অসুস্থ হলে দ্রুত ডাক্তার বা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায়।
