ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম বদলের প্রস্তাবে ভারত সরকার অনুমোদন দেবার ফলে রাজ্যটির নতুন নাম হয়েছে কেরালাম। মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেরালা বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত নাম বদলের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখার আহ্বান জানিয়েছিলেন। সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সকল ভাষায় এই নতুন নামকে মান্যতা দেবার আবেদন জানিয়েছিলেন। বিজয়ন উল্লেখ করেছিলেন যে, রাজ্যের নাম মালায়ালাম ভাষায় 'কেরালাম' বলা হয় । এবং রাজ্যের ইতিহাসে এটি গভীরভাবে প্রোথিত।
তিনি জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকে একটি ঐক্যবদ্ধ মালায়ালাম-ভাষী রাজ্য গঠনের দাবিও ব্যাখ্যা করেছিলেন।
কেরালা বিধানসভা কেন্দ্রীয় সরকারকে সংবিধানের ৩ অনুচ্ছেদের অধীনে এবং সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সকল ভাষায় কেরালাম হিসাবে সংশোধন করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
