ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’এর সর্বশেষ সংখ্যার প্রকাশনা উপলক্ষে শনিবার সকালে ক্লাব এইটটি নাইনে আষাঢ়ে ভ্রমণ আড্ডার আয়োজন করে ভ্রমণগদ্য সুহৃদসভা। এতে সুহৃদসভা’র সভাপতি নিসর্গপ্রেমি বিশ্বপরিব্রাজক ইনাম আল হক উপস্থিত ছিলেন। ভ্রমণলেখক ও সম্পাদক মাহমুদ হাফিজ এর সঞ্চালনায় আড্ডায় দেশের ভ্রমণসাহিত্যিক, সাংবাদিক, পর্বতারোহী, প্রকাশক ও ভ্রমণগদ্যের পাঠকবৃন্দ অংশগ্রহণ করেন। তিন ঘন্টার নীবিড় আড্ডায় ভ্রমণসাহিত্যের বাঁকবদলের বিতর্ক, এভারেস্টজয়ের অনুভূতি ও গ্রুপভিত্তিক গল্পগুজবে মেতে ওঠেন আড্ডারুরা।
এতে কেউ কেউ ফিকশনী কেতায় আষাঢ়ে গল্পের ঢঙে ভ্রমন অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ভ্রমণসাহিত্যের গতিপ্রকৃতিও মোটাদাগে উঠে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের ভ্রমণ ও ভ্রমণগদ্যের ভবিষ্যৎ কেমন হতে পারে, এর ওপর লিখিত ভ্রমণগদ্য’কাগজের সম্পাদকীয় পাঠ করে শোনানো হয়। আড্ডার মাঝে বাঁশির সুরের বিশেষ আবহ তৈরি করা হয়।
আড্ডায় সম্প্রতি এভারেস্টবিজয়ী নুরুন্নাহার নিম্নি এভারেষ্ট পর্বতজয়ের অনুভূতি তুলে ধরেন। পবর্তপ্রেমী ও লেখক জালাল আহমেদ ও ইফতেখারুল ইসলাম যৌথভাবে তুলে ধরেন এভারেস্ট বেজক্যাম্পজয়ের গল্প। ভ্রমণগদ্যকার কামরুল হাসান, মাহমুদ হাফিজ, আবদুর রব তুলে ধরেন সম্প্রতি কালিম্পং, সিকিম ও দার্জলিং ভ্রমণের ওপর অদ্ভুত সব ভ্রমণকথা! এতে নিজ নিজ ভ্রমণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন লেখক বাদল সৈয়দ, শাকুর মজিদ, মাহফুজুল হক জগলুল, স্থপতি রেজাউর রহমান, ডা. শাহনাজ আক্তার, চান্দ্রেয়ী পাল মম প্রমুখ। ভ্রমণগদ্য এ সংখ্যার সম্পাদকীয় পড়ে শোনান ভ্রমণলেখক ফরিদুর রহমান।
উপস্থিত আড্ডারুদের হাতে ভ্রমণগদ্য’র নতুন সংখ্যাটি তুলে দেয়া হয়। আড্ডার মাঝে বাঁশি বাজিয়ে বিশেষ সুরেলা আবহ তৈরি করেন স্থপতি রেজাউর রহমান। সুহৃদসভা’র সভাপতি বিশ্বভ্রামণিক-দু’মেরুবিজয়ী ইনাম আল হক এর বক্তব্যের মধ্য দিয়ে আষাঢ়ে আড্ডার যবণিকা ঘটে।
