লিওনেল মেসির জন্মদিনে মর্মস্পর্শী এক চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৮ বছর বয়সী মানু লিটউইন। আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা এই বালকের সেই গল্প এবার মোড় নিলো বাস্তবে। যা হয়তো সে শুধু স্বপ্নেই দেখেছিল। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে সে। আর্জেন্টিনা অধিনায়কের বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত একটি আর্জেন্টাইন ব্র্যান্ড তার এই স্বপ্ন সত্যি করার সিদ্ধান্ত নিয়েছে।
আর্জেন্টাইন চ্যানেল ওলগার ‘সেরিয়া ইনক্রেদিবল’ শোতে নিজের আইডলের উদ্দেশে লেখা পোস্টটি দেখায় মানু। দর্শকদের সামনে সে পড়ে শোনায় মেসির প্রতি তার গভীর ভালোবাসার কথা। চিঠিতে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি মেসি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানাতে ভোলেনি খুদে এই ভক্ত। শুধু মেসির খেলার প্রশংসাই নয়, তার মানবিক দিক নিয়েও কথা বলেছে মানু। মেসিকে বল নিয়ন্ত্রণে জাদুকরের সঙ্গে তুলনা করার পাশাপাশি সে বলেছে, মেসির খেলার চেয়েও তার কাছে বেশি প্রিয় তার মানবিক গুণাবলির জন্য। সতীর্থদের প্রতি মেসির সহযোগিতা আর কঠিন পরিস্থিতিতে হাল না ছাড়ার মানসিকতা মানুকে আকৃষ্ট করেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কোম্পানি। বিস্ময়ের শুরু হয় তখনই, যখন মানুর মা পাউলা শ্যাভেস একটি নতুন চিঠি পড়ে শোনান। এবার যেটি লেখা হয়েছিল মানুর উদ্দেশে। চিঠিতে জানানো হয়, মানু আর একা স্বপ্ন দেখবে না; তার গল্পের পরের অধ্যায় লিখতে সাহায্য করা হবে। দলের পক্ষ থেকে মানু ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়।
নিজের চিঠিতে মেসিকে নিজের স্বপ্নের কথাও জানিয়েছিল মানু। সে নিজেও আর্জেন্টিনোস জুনিয়র্সে খেলে এবং বড় হয়ে পেশাদার ফুটবলার হতে চায়। প্রতি রাতে ঘুমানোর আগে এই স্বপ্নই দেখে সে, আর সেই স্বপ্নে বারবার সামনে চলে আসেন মেসি। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রাউন্ড অব থার্টি টু এর ম্যাচে গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থন দেবেন মানু। এই ম্যাচেই মেসির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেতে পারেন খুদে এই ভক্ত।
