ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি সত্বর এই বক্তব্য তাকে প্রত্যাহার করে নিতে হবে।’
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ওই স্ট্যাটাসে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এতো আক্রোশের কারণ কী?
কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।’
তিনি আরও লিখেন, ‘১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন-সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের ঠিক প্রান্তে, ঠিক দিকে। আর ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে। এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।’
বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে নাছির উদ্দীন নাছির আরও লিখেন, ‘ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা। এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি সত্বর এই বক্তব্য তাকে প্রত্যাহার করে নিতে হবে।’
ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ ঘন্টা আগে
২ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
