মেসির পেছনে ছুটে চলছেন এমবাপ্পে

মেসির পেছনে ছুটে চলছেন এমবাপ্পে

ফন্ট সাইজ:

প্রজাপতির মতো ভাসেন, মৌমাছির মতো হুল ফোটান-মোহাম্মদ আলীর এই উক্তির জ্বলন্ত প্রমাণ বোধহয় কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের রক্ষণ যত সুসংগঠিত হোক না কেন তার কাছে নতি স্বীকার করতেই হবে! প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করাই এমবাপ্পের কাজ। যার সবশেষ ভুক্তভোগী সুইডেন।  গোলরক্ষণ জ্যাকব উইডেল জেটারস্ট্রম দেয়াল হলে দাঁড়ালেও ফরাসি অধিনায়ক ঠিকই দুর্গে হানা দিয়েছেন। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে তুলেছেন শেষ ষোলোর মঞ্চে। ব্যক্তিগত অর্জনের খাতাতেও নতুন উচ্চতায় পৌঁছেছেন এমবাপ্পে। এবারের আসরে মেসির সমান ছয় গোল তার। গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছেন এমবাপ্পে। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙারও খুব কাছে পৌঁছে গেছেন তিনি।


ম্যাচের ৪৫তম মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর ৭৪তম মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ছয়। যা গোল্ডেন বুটের দৌড়ে তাকে লিওনেল মেসির সমতায় নিয়ে এসেছে। ফ্রান্সের সামনে শেষ ষোলোর ম্যাচ থাকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তার।

বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকাতেও ইতিহাসের খুব কাছে চলে এসেছেন এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮ তে। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল। ২৯ ম্যাচে ১৯ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মেসি গোল করলে সেই ব্যবধান আবারো বেড়ে যাবে। সেক্ষেত্রে অপেক্ষা বাড়বে ফরাসি তারকার। তবে বয়স মাত্র ২৭ বছর হওয়ায় তার সামনে এই রেকর্ড ভেঙে আরও অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন