কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ গোলে হারালো ফ্রান্স। এ জয়ে শেষ ষোলোয় পা রাখলো গেল বারের রানার্সআপরা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ জার্মানিকে টাইব্রেকারে হারানো প্যারাগুয়ে।
ম্যাচের শুরুতে ফ্রান্সের পরীক্ষা নেন সুইডিস গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রম। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলের একাধিক আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। অবশ্য প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫তম মিনিট) গোল করে ফরাসিদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে কোণাকুণি শটে তিনি প্রতিপক্ষের জালে বল পাঠান। দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল ওলিসের নিখুঁত পাস ধরে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। মাইকেল ওলিসের বাড়ানো পাস থেকে সু্ইডিস গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের ষষ্ঠ গোল। এ গোলের মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান তিনি। ছয় গোল নিয়ে যৌথভাবে দুজনে গোল্ডেন বুট জেতার দৌড়ে শীর্ষে রয়েছেন। এছাড়া বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১৮। আর এক গোল করলে সর্বেোচ্চ গোলদাতা মেসিকে (১৯) ছুঁয়ে ফেলবেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের নকআউটে ১০ গোল বিশ্বমঞ্চে করেছেন এমবাপ্পে। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। নকআউটে ৮ গোল আছে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও আর লিওনিদাসের।
ম্যাচের পুরোটা জুড়ে আধিপত্য দেখায় ফ্রান্স। তাদের নেয়া ২৫ শটের ১২টি ছিল অন টার্গেটে। বল পজিশন ৬১ শতাংশ। মোট পাস সংখ্যা ৫৫১টি।
