এবার নির্বাচন ছাড়াই বিএনপি, জামায়াত ও এনসিপি’র ঐক্যে সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে ১৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত গেজেটে এ কমিটি গঠন করা হয়।
সূত্র জানায়, গত ১৯শে মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা ছিল। তখন বৈশ্বিক জ্বালানি সংকটের কারণ দেখিয়ে গত ১৬ই এপ্রিল নির্বাচন স্থগিত করে সরকার। সে সময় সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল জামায়াতে ইসলামী ও এনসিপি। আড়াই মাসের মাথায় নির্বাচন ছাড়াই ঘোষণা করা হলো নতুন অ্যাডহক বার কাউন্সিল। তবে এবার নির্বাচন স্থগিতের মতো কোনো সংকটের কথা উল্লেখ করা হয়নি। বরং নতুন কমিটিতে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে। সদস্য হিসেবে রয়েছেন জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দিন সরকার, এ এইচ এন মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, মো. নাজিম উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম), আলী আসগর (বগুড়া), সৈয়দ নজরুল ইসলাম (ঢাকা) এবং মাহফুজুর রহমান মিলন।
কমিটিতে অন্তর্ভুক্তদের মধ্যে জসীম উদ্দিন সরকার জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এবং শিশির মনির দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে মোহাম্মদ হোসেন লিপু সর্বশেষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে এনসিপি-সমর্থিত সবুজ প্যানেল থেকে সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তিন বছর মেয়াদি বার কাউন্সিলের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৫শে মে। আইন অনুযায়ী ওই কাউন্সিলের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১লা জুলাই। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচন না করে এক বছরের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমান সরকারের আমলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করা হয়। গেজেট অনুযায়ী, নতুন অ্যাডহক বার কাউন্সিল আগামী ১লঅ জুলাই ২০২৬ থেকে ৩০শে জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
