নতুন গান প্রকাশের পর সমালোচনার কবলে পড়েছে কোক স্টুডিও বাংলা। তৃতীয় মৌসুমের সাম্প্রতিক গান ‘মেঘ’-এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’র অংশ সংযোজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কথাসাহিত্যিক, কবি, সাংবাদিক, সংগীতশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এই পরিবেশনাকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টির ‘মর্যাদাহানি’ বলে মন্তব্য করেছেন। ইউটিউবে প্রকাশিত গানটির মন্তব্য ঘরেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
যার বড় অংশই গানটির সমালোচনা করেছেন, প্রকাশ করেছেন অসন্তোষ। ‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন শিল্পী-সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় শিল্পী-সুরকার মোহাম্মদ শোয়েব। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সাউন্ড এবং আধুনিক সংগীতায়োজনের সংমিশ্রণে গানটি নির্মিত হলেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘সোনার তরী’ কবিতার ব্যবহার।
সমালোচকদের প্রধান অভিযোগ, কবিতাটির মূল ভাবার্থ যথাযথভাবে অনুধাবন না করেই বর্ষার আবহ তৈরির উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। কবিতার সঙ্গে দ্রুতলয়ের সুরের সংমিশ্রণও অনেকের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। ইউটিউবে গানটির মন্তব্য ঘরে একজন লিখেছেন, “ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর আজ বেঁচে নেই, না হইলে এই গান শোনার পর স্ট্রোক করিতো! আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, এটা দেখলে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নিশ্চিত তরী নিয়ে ডুবে মরতো। যাক অনেক হাসলাম। অন্য আরেকজন লিখেছেন, কোক স্টুডিওর এমন গান আশা করিনি। এমনই সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্যে ছেয়ে গেছে গানটির মন্তব্য ঘর।
