বনভূমি উদ্ধার অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে দখলকারীদের হামলার শিকার হয়েছেন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন বনকর্মী। এ সময় বনবিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বনবিভাগের শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের আওতাধীন উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা এলাকায় এ ঘটনা ঘটে। বনবিভাগ সূত্রে জানা যায়, তেলিহাটি মৌজার সিএস ১২৩০ এবং আরএস ১৩১৪ দাগভুক্ত প্রায় এক একর বনভূমির ওপর অবৈধভাবে দু’টি ভবন নির্মাণের খবর পেয়ে উচ্ছেদ ও জমি উদ্ধার অভিযানে যায় বনবিভাগের একটি দল। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর বিট কর্মকর্তা, সাতখামাইর বিট কর্মকর্তাসহ মোট ১৬ জন বনকর্মী অংশ নেন।

সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, বনবিভাগের সদস্যরা অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিলে স্থানীয় দুলালের ছেলে আরমানের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বনকর্মীদের মারধর করে এবং বনবিভাগের একটি সরকারি গাড়ি ভাঙচুর করে। হামলায় রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান গুরুতর আহত হন। এ ছাড়া অভিযানে অংশ নেয়া আরও ১৫ জন বনকর্মী আহত হন। তিনি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, বনভূমি দখলমুক্ত করতে গিয়ে দখলকারীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনি ও তার সহকর্মীসহ মোট ১৬ জন আহত হয়েছেন। শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় কয়েকজন বনকর্মী আহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন