মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। মঙ্গলবার সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এই দৌড় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আ. ন. ম. জোবাইর। সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক। সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি।
এ সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।
