পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির নারী নেত্রী লায়ন আলিজা শারমিন মুন্নী নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চান। স্থানীয় নেতা-কর্মীরা জানান, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে দলের পাশে ছিলেন শারমিন মুন্নী।
ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়ে মুন্নী নিরবচ্ছিন্নভাবে বিএনপির রাজপথের আন্দোলনে অংশ নিয়েছেন। গ্রেপ্তার, কারাভোগ, নির্যাতন সবকিছু সহ্য করেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন নারী নেত্রী হিসেবে রিমান্ডে নেওয়ার মতো কঠিন অভিজ্ঞতাও তাঁকে দমাতে পারেনি। ত্যাগ ও সাহসিকতার এই ইতিহাস তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে বলে মনে করেন স্থানীয়রা।
রাজনীতির পাশাপাশি স্বাস্থ্যখাত ও নারীর দক্ষতা উন্নয়নেও তাঁর অবদান তুলে ধরেন এলাকাবাসী। তারা বলেন, নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তুলতে তাঁর নেওয়া উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। সংসদে গেলে তিনি নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তৃণমূল উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা সবার।
