জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৬

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৬

ফন্ট সাইজ:

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডের একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। তিন মাস বয়সী কন্যাসন্তানের কাস্টডি বা অভিভাবকত্ব নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে জার্মান পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তারা সবাই ডংকারস্ট্রাসে অবস্থিত ওই শিশু কল্যাণ কেন্দ্রের কর্মী ছিলেন। হামলার সময় ওই কার্যালয়ে তিন মাস বয়সী শিশুটি এবং তার মা উপস্থিত থাকলেও তারা অলৌকিকভাবে অক্ষত রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল বন্দুকধারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

লোয়ার স্যাক্সনির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল বেরেনস সাংবাদিকদের জানিয়েছেন, এটি সম্পূর্ণ পারিবারিক কারণে ঘটা একটি সহিংসতা। কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়াই অত্যন্ত ঠাণ্ডা মাথায় এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে প্রথম গুলির খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় এবং ষষ্ঠ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। লুনেনবার্গের পুলিশ প্রধান ক্যাথরিন শুওল জানান, প্রধান সন্দেহভাজন ৪৫ বছর বয়সী এক তুর্কি নাগরিক, যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে হ্যানোভারে বসবাস করেন। সোমবার নিজের মেয়ের কাস্টডি নিয়ে আলোচনার জন্য ওই কেন্দ্রের কর্মীদের সঙ্গে তার একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল। হত্যাকাণ্ড ঘটানোর পর সন্দেহভাজন ব্যক্তি এক নারীর চালিত একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দিলে তারা অমান্য করে, যার ফলে পুলিশ গাড়িটির চাকা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। পরবর্তীতে একটি গ্রামীণ রাস্তায় মার্সিডিজ গাড়িটির টায়ার পাংচার হওয়া অবস্থায় দুই আরোহীকে আটক করে পুলিশ। এই ঘটনার পর নিকটবর্তী একটি ডে-কেয়ার ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপদে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন