একটি গুরুত্বপূর্ণ রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে। সোমবার দেয়া এই রায়ে আদালত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে স্বাধীন ফেডারেল সংস্থাগুলোর প্রধানদের অপসারণের ক্ষমতা বহুলাংশে বহাল রাখলেও একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম করেছে ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে। আদালত সিদ্ধান্ত দিয়েছে, যতক্ষণ না ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক’কে বরখাস্ত করার ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি আপাতত তার পদে বহাল থাকবেন। ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগ এনেছে, যদিও কুক সেই অভিযোগ অস্বীকার করেছেন।
তবে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ছাড়া অন্য স্বাধীন ফেডারেল সংস্থাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে, প্রেসিডেন্ট ইচ্ছামতো সংস্থাপ্রধানদের বরখাস্ত করতে পারবেন। যদিও বিদ্যমান ফেডারেল আইন অনুযায়ী এমন বরখাস্তের জন্য যথাযথ কারণ দেখানো বাধ্যতামূলক ছিল এবং ৯১ বছর আগের একটি ঐতিহাসিক রায়ে প্রেসিডেন্টের এই ক্ষমতার সীমা নির্ধারণ করা হয়েছিল। আদালতের ছয়জন রক্ষণশীল বিচারপতির সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নয় সদস্যের বেঞ্চ হামফ্রিজ এক্সিকিউটর মামলার সর্বসম্মত ঐতিহাসিক রায় কার্যত বাতিল করে দেয়। ওই রায়ে প্রেসিডেন্ট কখন স্বাধীন সংস্থার বোর্ড সদস্যদের অপসারণ করতে পারবেন, তার সীমা নির্ধারণ করা হয়েছিল, যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা যায়।
প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে লিখেছেন, আমরা মনে করি, অপসারণ থেকে এ ধরনের সুরক্ষা সংবিধানে নির্ধারিত ক্ষমতার পৃথকীকরণের নীতির পরিপন্থী। এই রায় দেয়া হয়েছে ফেডারেল ট্রেড কমিশনের সাবেক সদস্য রেবেকা স্লটারকে ঘিরে। ফেডারেল আইন অনুযায়ী কারণ ছাড়া তাকে বরখাস্ত করা সম্ভব না হলেও ট্রাম্প কোনো কারণ দেখানো ছাড়াই তাকে অপসারণ করেছিলেন। এই রায়ের প্রভাব ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড, মেরিট সিস্টেমস প্রোটেকশন বোর্ড এবং কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশনসহ অন্যান্য স্বাধীন সংস্থার ক্ষেত্রেও পড়বে। এসব সংস্থার বোর্ড সদস্যদেরও ট্রাম্প ইতিমধ্যে বরখাস্ত করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই রায়কে স্বাগত জানান।
তিনি লিখেছেন, প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি- এমন ঐতিহাসিক ও নজিরবিহীন রায়ে জয়ী বর্তমান প্রেসিডেন্ট হতে পারা আমার জন্য বিরাট সম্মানের।
এর আগেও সুপ্রিম কোর্ট, উদারপন্থী বিচারপতিদের আপত্তি উপেক্ষা করে, স্লটার এবং অন্য কয়েকটি সংস্থার বোর্ড সদস্যদের মামলা চলাকালেই চাকরি থেকে অপসারণের অনুমতি দিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছিল। ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট পারমাণবিক জ্বালানি, পণ্য নিরাপত্তা কিংবা শ্রম সম্পর্কের মতো বিস্তৃত ক্ষেত্র নিয়ন্ত্রণকারী স্বাধীন সংস্থাগুলোর ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেননি।
