কাওরান বাজারে র‌্যাবের অভিযান

৯ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

ফন্ট সাইজ:

রাজধানীর কাওরান বাজারে বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার কাওরান বাজারের কিচেন মার্কেটে এই সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, কাওরান বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে র‌্যাব-২ এর একটি আভিযানিক দলের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধ করা। একই সঙ্গে বিক্রেতাদের সচেতন করা, যাতে পবিত্র রমজান মাসে তারা ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে কোনো বিভ্রান্তিকর বা ভোগান্তির পরিস্থিতিতে না ফেলেন। বাজার মনিটরিং করে আজ (গতকাল) সতর্কতামূলকভাবে নয়টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এটি মূলত একটি সচেতনতামূলক অভিযান ছিল, তাই জরিমানার পরিমাণ কম রাখা হয়েছে। পুরো রমজান মাস জুড়েই আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। পরবর্তীতে এই ধরনের অপরাধ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমরা তিনটি উদ্দেশ্য নিয়ে আজকে এই অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে একটি হলো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, দ্বিতীয়টি ভেজাল দ্রব্যের যে উপস্থিতি সেটা যাতে না হয় সেটি নিশ্চিত করা এবং তৃতীয়টি হচ্ছে বিক্রেতাদের সচেতন করা। ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিয়ে আমরা সচেতনতামূলক এই অভিযানটি পরিচালনা করেছি। অভিযান চলাকালে র‌্যাব ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন