কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে মূল অভিযুক্তকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়।
পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এসব তথ্য জানান। ওসি জানান, ঘটনার পরপরই অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাটাবিল এলাকার জামাল হোসেনের ছেলে জামসেদ হোসেন শ্রাবণ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ধারাবাহিক অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িত আরও ৩ জনকে আটক করা হয়। তারা হলোÑ মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), মৃত মো. সুলতানের ছেলে আশিক (৩৫) ও মো. ইকবালের ছেলে ইমন (১৯)। গ্রেপ্তার হওয়া ৪ জনের বাড়িই কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।
