সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি দখলের চেষ্টা, মানববন্ধন

সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি দখলের চেষ্টা, মানববন্ধন

ফন্ট সাইজ:

ভূমিদস্যুদের হাত থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন হয়েছে। সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। সংগীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক পিপি এডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী জাহাঙ্গীর, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র সভাপতি এডভোকেট আবদুন নূর, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, লেখক ও গবেষক আতাউর রহমান ভূঞা শাহীন, সোনালী সকাল সংগঠক জোবায়েদ আহমেদ, কবির কলম সভাপতি হুমায়ুন কবির এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া মুখপাত্র শেখ আরিফ বিল্লাহ আজিজী প্রমুখ। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন সঞ্চালনা করেন। বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সংগীতের মহাপুরুষ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সংগীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে।

তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনোভাবেই ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেয়া হবে না। যেকোনো মূল্যে ভূমিখেকোদের রুখে দেয়া হবে। বক্তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রত্নতত্ত্ব সম্পদ ঘোষণা করে এটিকে রক্ষার দাবি জানান।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন