নোয়াখালীর বেগমগঞ্জের বহু অপরাধমূলক কর্মকাণ্ডের প্রধান ও হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামি মো. সালাম (২৭)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত রোববার রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে গ্রেপ্তার করা হয়। সালাম বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চান্দারবাড়ী আবু ছায়েদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোপন সংবাদে র্যাব, পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে বেগমগঞ্জের আলাইয়ারপুর, বাহাদুরপুর, মোশাকপুর, সুলতানপুর, নেয়াজপুর, সুজাতপুর, হরিবল্লভপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। র্যাব-১১, সহকারী পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার কাছে তাৎক্ষণিক কোনো অস্ত্র পাওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. সামছুজ্জামান মানবজমিনকে জানান, দীর্ঘদিন থেকে বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী ও একটি বাহিনীর কথিত প্রধান সালামকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে অস্ত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ করে সত্যতা পেলে অস্ত্র উদ্ধার অভিযান চালানো হবে।
