মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি (৬১)। চিকিৎসা শেষে দুপুরে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে সোমবার ভোরে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত সেখানে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত থেকে তিনি অসুস্থ বোধ করলে ভোরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। জেল সুপার আরও বলেন, ঢামেকে তাকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফেরত পাঠানো হয়। দুপুর ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।
