সরাইলে পাওনা টাকার বিরোধে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ফন্ট সাইজ:

পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে হাদিম মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন। প্রায় ৪ ঘণ্টার এই সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৪০ জন। গত রোববার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে টর্চ জ্বালিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল। এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছেন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেনের কাছ থেকে মাছ ধরার বেড় (পাটি/চাঁই) ক্রয় করেছিল ধর্মতীর্থ গ্রামের আশিক (৩৫) ও আলাল (৩০)। সেই হিসাবে আশিক ও আলালের কাছে মোশাররফ লক্ষাধিক টাকা পাওনা ছিল। এ বিষয়ে একাধিকবার সালিশ হলেও মাঝখানে বাদ সাধে হাদিম। ফলে এই টাকার ঘটনায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত রোববার সন্ধ্যায় টাকার ঘটনায় কালিকচ্ছ বাজারে তাদের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাজারে অবস্থানকারী উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে উভয় গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় ওই মহাসড়ক। সড়কের উভয়দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হাদিম আহত হলে তাকে উপজেলা কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আলী আজম রাকিব ও মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে নিহতের খবরে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ ধারণ করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। পুলিশি গ্রেপ্তার এড়াতে রোববার রাতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গোটা সূর্যকান্দি গ্রাম। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মরদেহ পুলিশের জিম্মায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন