রাজধানীর কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে দু’জন মারা গেছেন। নিহতরা হলেন, মো. জনি (২৪) ও মো. আবদুস সালাম (২০)। এদের মধ্যে আবদুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক। অপরজন জনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন। শুক্রবার দিনগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় দগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নাজমুল সরোয়ার বলেন, আবদুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহারের মো. সেলিম সরকারের ছেলে। এ ছাড়া নিহত জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। কর্মসূত্রে তারা ওই ফ্ল্যাটে বসবাস করতেন। শনিবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন জানান, আগুনে দগ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে জানতে পেরেছি তারা মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
