ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগ ও শোকের মহিমায় যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। গত শুক্রবার সকাল ১০টায় ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সমপ্রদায়ের হাজারো মানুষ শোক মিছিল বের করেন। হোসেনি দালানের উত্তর গেট দিয়ে বের হয়ে শোক মিছিল বকশীবাজার লেন, এতিমখানা মোড়, সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা হয়ে ধানমণ্ডি লেকে যায়। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি। হোসেনি দালান ছাড়াও ঢাকায় আরও প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে।
মহররম উপলক্ষে তাদেরও নিজস্ব কর্মসূচি ছিল। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া ও মগবাজার ইমামবাড়ার মতো বড় ইমামবাড়াগুলো পৃথক তাজিয়া মিছিল ও মজলিসের আয়োজন করে। নির্বিঘ্নে মিছিল সম্পন্ন করতে সারা দেশেই ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি।
পাশাপাশি দেশের প্রধান ইমামবাড়াগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নজরদারি করা হয়।
