রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)। স্থানীয় বাসিন্দা, আহতদের স্বজন এবং পুলিশ সূত্রগুলো জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামের এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধের বিষয়ে সাক্ষাতের কথা ছিল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান।
অন্যদিকে আরিফ সাত থেকে আটজন সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
